Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষার সময় বন্ধ রাখা হতে পারে ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন এসএসসি পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার বিষয়ে আমরা আলোচনা করছি। এ বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলব।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অভিযোগ আছে, পরীক্ষার দিন সকালে বিভিন্ন কোচিং সেন্টার থেকে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। এতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্তি  তৈরি হয়। এ অভিযোগে পরীক্ষা পর্যালোচনা কমিটিও এর আগে একাধিক বৈঠকে পরীক্ষার সময় ফেসবুক ও কোচিং সেন্টার বন্ধ রাখার সুপারিশ করে।

শিক্ষামন্ত্রী বলেন, "আমরা বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখার বিষয়ে চিন্তাভাবনা করছি। পরীক্ষার সময় দু-চার ঘণ্টা ফেসবুক বন্ধ রাখলে তেমন কোনো ক্ষতি হবে না।"

কিছুদিন আগে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখা হবে দেশের সব কোচিং সেন্টার। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "প্রশ্নপত্র ফাঁস বলেন আর গুজব বলেন, এগুলো সবই কোচিং সেন্টার থেকে প্রচার করা হয়। এ কারণেই আমরা পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।"

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.