Sylhet Today 24 PRINT

শুক্রবার থেকে বন্ধ সব কোচিং সেন্টার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে শুক্রবার (২৬ জানুয়ারি) থেকেই দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত সরকার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সিদ্ধান্ত ছিল, পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সাত দিন আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের শুধু কেন্দ্রেই নয়, তাদের নিজ নিজ আসনে গিয়ে বসতে হবে। এরপর আর কোনোভাবেই কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি বলেন, সারাদেশে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোথাও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সকল পরীক্ষা বাতিল করা হবে।

এর আগে পরীক্ষা চলাকালীন সময়ে ফেসবুক বন্ধ রাখার ইচ্ছার কথাও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন বলেন, শুধু ফেসবুক নয়, পরীক্ষার সময় ইন্টার‌নেট ভি‌ত্তিক সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমগু‌লো সু‌বিধামত সম‌য়ের জন্য বন্ধ রাখার সুপা‌রিশ করা হ‌বে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.