Sylhet Today 24 PRINT

দেশে বিটিভির দর্শক বেশি: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

বেসরকারি যেকোনো টিভি চ্যানেলের চেয়ে বিটিভির দর্শক বেশি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘দেশের ৮০ দশমিক ১ শতাংশ দর্শক বিটিভি দেখে।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে গত বছরের মে মাসের একটি জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি এই তথ্য জানান।

সরকারি দলের সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণসহ গণমাধ্যমের বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ইলেকট্রনিক গণমাধ্যমগুলো অনাপত্তির শর্ত ও দেশের প্রচলিত বিধি-বিধানের সীমারেখার মধ্যে থেকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে, স্বাধীনতা ভোগের পাশাপাশি গণমাধ্যমেরও দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.