Sylhet Today 24 PRINT

আমি সফল: শহীদুল

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে তিন বছর দায়িত্ব পালন করা এ কে এম শহীদুল হক নিজের সম্পর্কে মূল্যায়ন করে বলেছেন, ‘তিন বছরে সবকিছু করা সম্ভব না। এই তিন বছরে আমি যা করেছি ব্যক্তিগতভাবে মনে করি আমি সফল।’

শুক্রবার (২৬ জানুয়ারি) শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের কাজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেছেন শহীদুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে পুলিশ বাহিনীর দায়িত্ব দিয়েছিলেন। তার আস্থা রাখার জন্য আমার পক্ষ থেকে যত রকমের আন্তরিকতা, প্রচেষ্টা- সব কিছু প্রয়োগ করেছি। পুলিশের পেশাগত দিক উন্নয়নের জন্য, তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য, অভ্যন্তরীণ প্রশাসনের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি অনেক কাজ করেছি।’

তিনি বলেন, ‘তিন বছরে সবকিছু করা সম্ভব না। এই তিন বছরে আমি যা করেছি ব্যক্তিগতভাবে মনে করি আমি সফল। আমার সময়ে আমার পুলিশ ফোর্স, অফিসার, জনগণ, সরকার প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও মিডিয়াসহ সবার সহযোগিতা পেয়েছি। সকলের সহযোগিতায় আমি যে কাজগুলো করতে পেরেছি এই মুহূর্তে এসে আমি মনে করছি আমি সফল।’

আইজিপি হিসেবে দায়িত্বপালন শুরুর প্রথম তিন মাসকে ক্রান্তিকাল উল্লেখ করে শহীদুল হক বলেন, ‘এই তিন বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের থেকে ভালো ছিল। দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন মাস (২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) ছিল ক্রান্তিকাল। পেট্রোল বোমা, আগুন সন্ত্রাস এগুলো আমরা জনগণকে সঙ্গে নিয়ে অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। এই সময়ে প্রত্যেকটা ক্রাইসিস আমরা ফেস করেছি।’

আইজিপি হিসেবে এ কে এম শহীদুল হক দায়িত্ব গ্রহণ করেন ২০১৪ সালের ৩১ ডিসেম্বর। তার পদের মেয়াদ শেষে হবে ২০১৮ সালের ৩১ জানুয়ারি। এর আগে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

৩১ জানুয়ারি নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নেবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.