সিলেটটুডে ডেস্ক | ২৮ জানুয়ারী, ২০১৮
প্রথম স্প্যানের পর দ্বিতীয় স্প্যান বসানো হয়েছে পদ্মা সেতুতে। রোববার সকাল সোয়া ৯টার সময় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। এর আগে দুই দফা পেছানোর পর আজই বসানো হয়েছে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান। দ্বিতীয় স্প্যানটি বসানোর কারণে ৩০০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু। সেতু বিভাগের (মূল সেতু) সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর স্প্যান বসানোর তথ্য নিশ্চিত করেছেন ।
সেতু বিভাগ সূত্র জানায়, ৩ হাজার ৬০০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে স্প্যানটি আনা হয়। গত সোমবার রাতে ‘তিয়ান ই’ ক্রেনে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি আসে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।
এর আগে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে এই স্প্যান নিয়ে ৩ হাজার ৮০০ টন ওজনের ক্রেনটি জাজিরা প্রান্তের দিকে রওনা দেয়। শক্তিশালী ক্রেনটি দিয়েই খুঁটির ওপর স্প্যানটি বসানো হয়েছে। স্প্যান নিয়ে ক্রেনটির জাজিরা প্রান্তে খুঁটির কাছে পৌঁছাতে তিন দিন সময় লাগার কথা। কিন্তু ঘন কুয়াশা, পদ্মা নদীতে সেতু নির্মাণকাজে ভারী যন্ত্রাংশ থাকা এবং নাব্যতার সংকট থাকায় ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছাতে আট দিন সময় লাগে। গতকাল শনিবার দিনভর স্প্যান বসানোর কাজ করা হয়। তবে কাল আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল হয়ে যাওয়ায় স্প্যান বসানোর কাজ বন্ধ রাখা হয়।
এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ৫ মাসের ভেতরই বসলো দ্বিতীয় স্প্যান।
পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন জানান, শনিবার সারাদিন চেষ্টা করেও স্প্যানটি বসানো সম্ভব হয়নি। আলো স্বল্পতার কারণে রাতেও কাজ করা সম্ভব হয়নি। তাই আজ রোববার ৩৮ ও ৩৯ নম্বর পিলারের উপর দ্বিতীয় স্প্যানটি বসানো হলো।
তিনি জানান, ১২টি স্প্যান প্রকল্প এলাকায় আছে। তৃতীয় স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। এখন পদ্মা বহুমূখী সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।