Sylhet Today 24 PRINT

‘গোস্বা নিবারণে’ ঢাকায় পার্কের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

রাগ কমাতে ঢাকায় তৈরি হচ্ছে পার্ক। সেখানে একঘেয়েমি আর অবসাদ কাটানোর নানা ব্যবস্থা রয়েছে। এই পার্কের নাম দেওয়া হয়েছে, ‘গোস্বা নিবারণী পার্ক’।

ঢাকায় ওসমানী উদ্যানের ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে। শনিবার এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান, অভিমান, গোস্বা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোস্বা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোস্বা নিবারণী পার্ক।’

নয় থেকে দশ মাসের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষে হবে বলে জানিয়েছেন মেয়র। পুরো পার্কের চারদিক খোলা থাকবে। মেয়র বলেন, ‘এই পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি আরিফ আযম ও কাউন্সিলর ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.