Sylhet Today 24 PRINT

আদালতে বেগম জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ১১টা ৫৫ মিনিটে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৫ এ হাজির হন তিনি। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁশলি মোশাররফ হোসেন কাজল এ মামলার যুক্তি উপস্থাপন শুরু করেন।

এর আগে গত বৃহস্পতিবার দুর্নীতির অপর মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা) যুক্তিতর্ক শেষ হয়। ওইদিন আদালত এ মামলার রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিন ধার্য করেন।

দুদকের দায়ের করা দু’টি মামলারই প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা ছাড়াও আরো ৩ আসামিরা হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান.

উল্লেখ্য যে, ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে মামলা করেন দুদক। চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.