Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে ড্রোনসহ যুক্তরাষ্ট্রের নাগরিক আটক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গামী এক বিদেশি যাত্রীর কাছ থেকে ড্রোন আটক করেছে শুল্ক গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কির (২২)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) গভীর রাতে ড্রোনসহ রুমামকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রুমাম ড্রোনটিসহ গত ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। মঙ্গলবার দিবাগত রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে গোয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার প্রাক্কালে বোর্ডিং লাউঞ্জে অবস্থান করছিলেন। এসময় গোপন তথ্য অনুযায়ী শুল্ক গোয়েন্দা দল ড্রোনটি আটক করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এতে ৯টি ক্যামেরা রয়েছে। যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। ড্রোনটির মেমোরি কার্ড পরীক্ষা করে দেখছে শুল্ক গোয়েন্দা।

উল্লেখ্য, ড্রোন একটি আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলাদি না থাকায় এবং দেশের নিরাপত্তা বিবেচনায় ড্রোনটি আটক করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.