Sylhet Today 24 PRINT

সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৮

ডেপুটি গভর্নর পদে মেয়াদ শেষ হওয়ার পর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর চৌধুরী) বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা করা হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার তার মেয়াদ শেষ হয়।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এস কে সুর চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার’ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সংস্কার নীতিমালা প্রণয়নে সহায়তা করবেন। তাছাড়া তিনি ব্যাংকিং খাতে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে এবং ভবিষ্যত ব্যাংক খাতে সংস্কার কৌশল প্রণয়নে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

সুর চৌধুরী ১৯৮১ সালে সরাসরি প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের পর বিভিন্ন বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। আর্থিক খাতের নীতিমালা প্রণয়ন, তদারক ও আর্থিক স্থিতিশীলতা সংরক্ষণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, আর্থিক অর্ন্তভুক্তি ও টেকসই অর্থায়নে রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা।

সুর চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ফাইন্যান্স ও একাউন্টিং এ এমবিএ করেন।

ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমা ডিগ্রিধারী সুর চৌধুরী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় বাংলাদেশে প্রথম স্থান অধিকারসহ বাংলাদেশ ব্যাংকের স্বর্ণপদক লাভ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.