Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতি নির্বাচন: আবদুল হামিদই আওয়ামী লীগের প্রার্থী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৮

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। ২০১৩ সালের ২৪ এপ্রিল তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ হতে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের তারিখ ও সময় ৫ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা এবং ১০ ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে।

প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি পদে ভোট হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.