Sylhet Today 24 PRINT

প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হলে পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণ হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব, এবার তা-ই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমি নিজেও বলতে পারি না। তবে চরম ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হওয়ার কথা রয়েছে। এনিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার রুটিন দেখে আন্দোলনে নামুন।

তিনি আরও বলেন, মামলায় রায় একটি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া। রায় যেকোনো কিছু হতে পারে। কিন্তু সে রায়কে ঘিরে বিএনপি এরই মধ্যে সংঘাতের রাজনীতিতে নেমেছে। আমি আশা করবো বিএনপি তাদের আন্দোলনে নামতে পারেন, কিন্তু তারা যেন এসএসসি পরীক্ষার রুটিনের দিকে নজর রাখেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন

সারা দেশে আজ সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন।

সারা দেশে এসএসসি পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আজ লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.