সিলেটটুডে ডেস্ক | ০১ ফেব্রুয়ারী, ২০১৮
ছবি: জাগো নিউজ
কঠোর নিরাপত্তা, শিক্ষামন্ত্রীর শক্ত পদক্ষেপ আর কড়া হুঁশিয়ারি উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষা শুরুর দিনই বাংলা প্রথমপত্র প্রশ্ন ফাঁস হল। এসএসসি ও সমমানের পরীক্ষার বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী ‘খ’ সেট প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রশ্নের সাথে বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের হুবহু মিলও পাওয়া গেছে।
এদিকে এসএসসির ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে যদি আসল প্রশ্নপত্র মিলে যায় সেক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ। বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের এই প্রশ্নটি ফেসবুকে পাওয়া যায় সকাল ৯ টা ২৯ মিনিটে। প্রশ্নটি এরপর থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়াতে থাকে।
এর আগে সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁস যদি পরেও প্রমাণ হয়, তাহলেও পরীক্ষা বাতিল করে দেবো। ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা আমরা গ্রহণ করবো না।’
ফাঁস হওয়া প্রশ্ন বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্নটি ফেসবুকে পাওয়া যায় সকাল ৯টা ২৯ মিনিটে। প্রশ্নটি এরপর থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়াতে থাকে।
পরে বেলা ১১টায় একই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে থাকা অবস্থায় এই প্রশ্নটি শিক্ষামন্ত্রীকে দেখানো হয়।
এসময় মন্ত্রী সাংবাদিকদেরকে বলেন, ‘আমি নিজে প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখেছি। ফেসবুকে ছড়ানো প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নের মিল নেই। বিষয়টি মিথ্যা এবং গুজব।’
প্রশ্নপত্র ফাঁস নিয়ে পরীক্ষা শেষে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।