Sylhet Today 24 PRINT

‘জ্যেষ্ঠতমই প্রধান বিচারপতি হবেন, এমন বিধান নেই’

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি করতে হবে সংবিধানে এমন কোনো বিধান নেই। এটি সম্পূর্ণ রাষ্ট্রপতির বিবেচনার বিষয়।

শুক্রবার নতুন প্রধান বিচারপতির নিয়োগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধানের এমন কোনো বিধান নেই যে, জ্যেষ্ঠতম বিচারপতিকেই, মানে প্রধান বিচারপতি করা হবে। এমন কোনো বিধান নাই যে, জ্যেষ্ঠতম যিনি হাইকোর্টের তাকেই আপিল বিভাগে নেওয়া হবে। এটা সম্পূর্ণরকমভাবে রাষ্ট্রপতির বিবেচনার বিষয় এবং এর আগেও এরকম হয়েছে। এর আগেও আমাদের দেশে জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়নি।’

আজ দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতির নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।

শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন তিনি।

সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার পর আপিল বিভাগের বয়সের হিসাবে জ্যেষ্ঠতম বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা পদত্যাগ করেছেন। গত বছরের ৩ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে গেলে প্রধান বিচারপতির দায়িত্বভার দেওয়া হয় আবদুল ওয়াহহাব মিঞাকে। এরপর থেকেই তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যেই ছুটিতে থেকে সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেন।

সুপ্রিম কোর্টের প্যাডে পাঠানো ওই চিঠিতে এই সিদ্ধান্ত গ্রহণে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন বিচারপতি ওয়াহহাব মিঞা।

তিনি লিখেছেন, “আমার অনিবার্য ব্যক্তিগত কারণ বশত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদ হইতে এতদ্বারা পদত্যাগ করিলাম।”

আওয়ামী লীগ আমলে ১৯৯৯ সালে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াহহাব মিঞা। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। ২০১১ সালে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।

সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টে দুই বছর পরে যোগ দিলেও ২০১১ সালে আপিল বিভাগের বিচারক পদে বিচারপতি ওয়াহহাব মিঞার সঙ্গে একই দিন নিয়োগ পেয়েছিলেন।

বিচারপতি ওয়াহহাব মিঞার পদত্যাগের ফলে আপিল বিভাগে এখন বিচারক থাকবেন চারজন। তাদের মধ্যে জ্যেষ্ঠতম হবেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তার চাকরি আছে আরও তিন বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.