Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁস

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নও ফেসবুকে ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টা খানেক আগে বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক (বহুনির্বাচনি) অভীক্ষার ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে। যার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ নজরদারিতে রাখার পরও শনিবার সকাল ৯টা ০৩ মিনিটে বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক অভীক্ষার ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্রটি ফেসবুকে একটি গ্রুপে পাওয়া যায়।

প্রশ্নপত্রটি ওই গ্রুপে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক গ্রুপ ও পেজে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ১০০ ভাগ মেলার নিশ্চয়তা দিয়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল ‘SSC Question Out’, ‘PSC_JSC_SSC_HSC_Degree out question bank.(R)’, ‘SSC Question OuT 100% Common All Board & Rezult Change 2018+19+20 All BD’, ‘PSC JSC SSC HSC All Exam 100% Common Suggestion & Out Questions’ ইত্যাদি ফেইসবুক গ্রুপে।

ফেসবুকে ওই প্রশ্নপত্রটি ছড়িয়ে দিয়ে পোস্টকারীরা লিখেছেন, ‘দ্রুত প্রশ্নটি পড়ে নিন। যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন। পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।’

এর আগে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের প্রশ্ন একই কায়দায় ফাঁসের অভিযোগ পাওয়া যায়। বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনি অভীক্ষার ‘খ’ সেট প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্ন ও ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল ছিল। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগেই তা ফেসবুকে পাওয়া যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসে ২০ লাখের বেশি শিক্ষার্থী। এসএসসিতে এবার অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে সব বোর্ডের পরীক্ষা।

প্রথম দিনের পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছিলেন, প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া মাত্র পরীক্ষা বাতিল করবেন তিনি।

সরকারের আন্তরিকতা বোঝাতে তিনি বলেছিলেন, “আমরা খুবই ডেসপারেট, খুবই অ্যাগ্রেসিভ এ (প্রশ্ন ফাঁস) বিষয়ে। যদি কোথাও কেউ কোনোভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টা করে, তিনি কোনোভাবেই রেহাই পাবেন না। কি হবে, আমিও সেটা ধারণা করতে পারি না। চরম একটা ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্যসূত্র: বিডিনিউজ২৪, ছবি: বাংলাট্রিবিউন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.