Sylhet Today 24 PRINT

রায় শুনতে বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন সকাল ১১টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি জানান, রায় শুনতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশেষ আদালতে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।

১২০ কার্যদিবসের বিচারকার্য শেষ হয়েছে ২৩৬ দিনে। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। আত্মপক্ষ সমর্থনে গেছে ২৮ দিন। যুক্তি উপস্থাপন চলেছে ১৬ দিন। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.