Sylhet Today 24 PRINT

যেন বিচারক নয়, শাসক মহলই রায় ঠিক করছে: খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

আদালত রায় দেওয়ার বহু আগেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে, ‘আমার জেল হবে’। যেন বিচারক নয়, শাসক মহলই রায় ঠিক করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

আদালতে রায়ের আগের দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেন।

বিএনপি চেয়ারপার্সন এসময় প্রধান বিচারপতি এস কে সিনহার ‘চাপের মুখে’ পদত্যাগের বিষয়টি তুলে ধরে বলেন, আদালত চাপ উপেক্ষা করে রায় দিতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।

নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায় বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।

তাকে নির্বাচন থেকে বাইরে রাখতেই এই মামলায় ‘সাজানো রায়’ দেওয়া হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, “আমাকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করা হচ্ছে।”

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তত। জেল বা সাজার ভয় দেখিয়ে কাজ হবে না। আমি মাথা নত করব না। একদলীয় শাসন দীর্ঘায়িত করার খায়েস পূরণ হবে বলে আমি মনে করি না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.