Sylhet Today 24 PRINT

রায়কে কেন্দ্র করে উদ্বেগের কিছু নেই: আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।   

নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রায়ের আগের দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে ভীত না হয়ে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি পাটোয়ারী বলেন, ৮ ফেব্রুয়ারি একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন উদ্বেগ বা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পুলিশ ইতোমধ্যে দেশব্যাপী সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে। আমরা মনে করি, আগামীকাল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন থাকবে।

এসময় আইজিপি আদালতের রায় যাই হোক না কেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে অনুরোধ জানান।

পুলিশের বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে নেতা-কর্মীদের নির্বিচারে ধরপাকড়ের যে অভিযোগ বিএনপি করছে, তা প্রত্যাখ্যান করে আইজিপি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা গ্রেপ্তার করছি। গত সাত দিনে সারা দেশে গ্রেপ্তারে গড় অন্য সময়ের চেয়ে বেশি বলে স্বীকার করে তিনি বলেন, রুটিন ওর্য়াক সঠিকভাবে পালন করার জন্য যে নির্দেশনা দিয়েছি তার পরিপ্রেক্ষিতে অল্পসংখ্যক অতিরিক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.