Sylhet Today 24 PRINT

‘আইনমন্ত্রীর ওকালতির সার্টিফিকেটই স্থগিত’

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় মামলা হলে বিনা ফিতে সাংবাদিকের পক্ষে আদালতে দাঁড়াবেন বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী পরিষদ।

এই আইনের বিরোধিতা করে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরামে সংবাদ সম্মেলনে সংগঠনটি।

পরিষদের সভাপতি অ্যাডভোকেট আকতার উল ইসলাম বলেন, 'আইনমন্ত্রী আনিসুল হকের ওকালতির সার্টিফিকেট এখন স্থগিত আছে। আইনমন্ত্রী সরকারের একটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মন্ত্রী সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা নিচ্ছেন। ওকালতির সার্টিফিকেট বার কাউন্সিলে স্থগিত রেখে মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। কাজেই এই মুহূর্তে তার ওকালতির সার্টিফিকেট নেই। তিনি সাংবাদিক কেন দেশের কোনো মানুষের পক্ষেই আদালতে ওকালতি করতে পারবেন না।'

তিনি বলেন, 'যেখানে তার সার্টিফিকেট নেই, সেখানে তিনি কিভাবে সাংবাদিকদের আইনি সেবা দেবেন? আদালতে ওকালতি করবেন?’

আকতার উল ইসলাম বলেন, ‘একজন আইনজীবী হিসেবে আমি মনে করি, ডিজিটাল নিরাপত্তা আইনটি সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। পেনাল কোডে বর্ণিত আইন দ্বারা তথ্য নিয়ে অপরাধকারীদের বিচার করা যাবে। এ জন্য নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার নেই।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় দায়ের মামলায় সাংবাদিকদের সহযোগিতার কথা বলে আইনমন্ত্রী সবার সঙ্গে রাজনীতি করেছেন। অন্যদের নামে মামলা হলে তিনি (আইনমন্ত্রী) কী করবেন? সাধারণ মানুষেরা কোথায় যাবে?’

উল্লেখ্য, মঙ্গলবার আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘৩২ ধারার মাধ্যমে কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না। যদি কেউ হয়রানির শিকার হন এবং কোনো সাংবাদিকের বিরুদ্ধে আদালতে কেউ মামলা করেন, সেক্ষেত্রে আমি নিজে আদালতে দাঁড়াব বিনা ফিতে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.