Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে পুলিশ-বিএনপি সংঘর্ষ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। খালেদা জিয়ার গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে মগবাজার এলাকায় এলে শত শত নেতাকর্মী সেখানে যুক্ত হন। এ সময় রাস্তার পাশেও দাঁড়িয়ে ছিলেন অনেকে। নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে যুক্ত হন। তাঁরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে এগোতে থাকেন।   

কড়া নিরাপত্তার মধ্যেও নেতাকর্মীদের আটকানো যায়নি। গাড়িবহরটি সাতরাস্তা মোড় পেরিয়ে এফডিসি মোড়ে পৌঁছালে প্রথমে কিছু নেতাকর্মী গাড়িবহর ঘিরে ধরে। পরে মগবাজার এলাকায় গেলে আরো বেশি সংখ্যাক নেতাকর্মী বহরে যোগ দেয়।

একপর্যায়ে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায়। পুলিশ অনেক নেতাকর্মীকে আটক করে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
 
এর আগে সকাল পৌনে ৯টার দিকে এ মামলার অপর দুই আসামি ব্যবসায়ী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়। এ মামলায় মোট আসামি ছয়জন। তার মধ্যে তিনজন পলাতক রয়েছেন। পলাতক তিনজন হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.