Sylhet Today 24 PRINT

‘অপেক্ষা করো, আমি ফিরে আসবো’

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের রায় শুনতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় গুলশানের বাসা থেকে বের হন।

সকাল থেকে তার গুলশানের বাসা ফিরোজায় হাজির হন বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনেরা। সেখানে আসেন খালেদা জিয়ার বড় বোন, বোনের স্বামী, ভাগনে, ভাই শামীম ইস্কান্দর, দুই ভাইয়ের স্ত্রী, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর বাড়ির স্বজনেরা।

দুপুর ১২টার দিকে তিনি যখন আদালতের উদ্দেশ্যে রওনা হন, তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এ সময় তাদেরকে সান্ত্বনা দিয়ে খালেদা জিয়া বলেন, “কান্নার প্রয়োজন নেই। আমি ঠিক থাকবো। তোমরা অপেক্ষা করো, আমি ফিরে আসবো। তোমরা চিন্তা করো না, শক্ত থাকো”।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, দলীয় নেতাদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে আদালতে গেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল ও নওশাদ জামিল।

বাসা থেকে বের হওয়ার সময় বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন শায়রুল কবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.