Sylhet Today 24 PRINT

পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর বেলা তিনটার দিকে খালেদা জিয়াকে কড়া পুলিশ পাহারায় কারাগারে নেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। মামলার অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ের পর খালোদা জিয়াসহ অপর আসামিদের আদালত থেকে বের করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

কারাগার ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের চারদিকে আইন শৃঙ্খলাবাহিনী টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।

গতকাল বুধবার কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া গতকাল থেকেই ওই এলাকায় জনসাধারণের চলাচলেও কড়াকড়ি করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.