Sylhet Today 24 PRINT

কারাগারে শুধুমাত্র বিটিভি দেখার সুযোগ পাবেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রতিদিন ৩টি পত্রিকা পড়ার এবং শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখার সুযোগ পাবেন।

প্রতিদিন ইত্তেফাক, জনকণ্ঠ এবং অবজারভার পত্রিকা পাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় জেলখানার ডে কেয়ারে নেয়া হয়েছে। এখানেই তাকে কারাভোগ করতে হবে। তিনি কি কি সুবিধা পাবেন এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, জেলকোড অনুযায়ী খালেদা জিয়ার যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তার সবই তিনি পাবেন।

এদিকে জানা গেছে, খালেদা জিয়ার এই কারাবাসের সময় তার চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা একজন ডাক্তার থাকবেন। বেগম জিয়ার খাওয়ার আগে খাবার টেস্ট করবেন ডাক্তার। তাকে দেখভালের জন্য একজন ডেপুটি জেলার থাকবেন। একটি পুরোনো ফ্রিজ দেয়া হয়েছে। পাশের রুমে গ্যাসের চুলায় রান্নার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া খালেদা জিয়ার রুমে থাকবে না কোন এসি। তার নিরাপত্তার জন্য ২৫ জন কারারক্ষী মোতায়েন করা হয়েছে। এসব কারারক্ষীদের জেলের ভেতরেই থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.