Sylhet Today 24 PRINT

পুলিশি বাধায় রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

পুলিশি বাধার মুখে রাজধানীতে পণ্ড হয়েছে বিএনপির সমাবেশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে দলটির নেতাকর্মীরা মিছিল করে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় সমাবেশ।  

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে সাংবাদিকদের জানান, পুলিশ আচমকা সমাবেশে লাঠিপেটা শুরু করে। এতে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় নেতাকর্মীরা দৌড়ে যে যার মতো আশপাশের গলিতে ঢুকে পড়েন। নেতাদের অনেকেই সমাবেশস্থল ত্যাগ করেন, কেউ কেউ দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে অবস্থান নেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ে খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বিএনপি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.