Sylhet Today 24 PRINT

খালেদার সাজা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

দুর্নীতির দায়ে খালেদা জিয়ার সাজা হওয়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার রাজধানীর উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনাইটেড ইসলামিক পার্টির অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন আরো বলেন, ‘আইন অনুযায়ী বিচার হয়েছে। তাদের যদি আরো কিছু বলার থাকে, উচ্চ আদালত রয়েছে, সেখানে তারা যেতে পারে। আরো যদি ক্লারিফিকেশন থাকে, সেখানে হবে। আমরা এটাই জোর গলায় বলতে পারি, বিচারকদের ওপর কোনোরকম ইনফ্লুয়েন্স (প্রভাব) আমাদের নাই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় ঘোষণা করছেন এবং ভবিষ্যতেই তাই করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার সাজা হওয়া গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

রায়ের পর থেকে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.