Sylhet Today 24 PRINT

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাসস |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে হলি সি-তে (ভ্যাটিকান সিটি) বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘পোপের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সোমবার সকালে ভ্যাটিকান সিটি সফর করেন এবং ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে তার সঙ্গে সাক্ষাৎ করেন।’

প্রধানমন্ত্রী সকাল ১০টায় ভ্যাটিকান সিটিতে পৌঁছার পর সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী পোপের সঙ্গে তাঁর সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী পোপকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ওপর একটি পেইন্টিং উপহার দেন। পোপও পরে শেখ হাসিনাকে একটি ক্রেস্ট উপহার দেন। পোপ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদেরও স্যুভেনির উপহার দেন।

ক্যাথলিক সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ দুই মাস আগে ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। ঢাকার বৈঠকে পোপ রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং সহিংসতা পরিহার ও রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন।

পোপ ফ্রান্সিস শেখ হাসিনার আমন্ত্রণে দুই মাস আগে ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেন।

শেখ হাসিনা ভ্যাটিকান সিটিতে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গেও বৈঠক করেন এবং সিস্টিন চ্যাপেল ও সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করেন।

দি সিস্টিন চ্যাপেল ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক ধর্মগুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান।

সন্ধ্যায় রোমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিয়েসলে।

শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফরে রোববার সন্ধ্যায় এখানে এসে পৌঁছান। তিনি মঙ্গলবার সকালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.