Sylhet Today 24 PRINT

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার সাজা, তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার অভিযোগ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানিয়েছে বিএনপির একটি সূত্র। তবে বৈঠকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিএনপি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেহ উদ্দিন, আবদুল কাইয়ুম, দলের ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

ইইউ প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান জিন ল্যামবার্ট, জেমস নিকলসন রিচার্ড করবেট, ওয়াজিদ খান ও সাজ্জাদ করিম।

গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেন দলের সিনিয়র নেতারা। সেখানেও দলীয় চেয়ারপারসনের সাজা ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তাঁদের অবহিত করা হয়।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এই মামলার অপর আসামি বিএনপি প্রধানের ছেলে তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তাদেরকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.