নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
ইন্টারন্যাশনাল পাবলিশার্স এ্যাসোসিয়েশন (আইপিএ) কংগ্রেসে মরণোত্তর বিশেষ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রকাশক ফায়সাল আরেফিন দীপন।
ভারতের নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলের দরবার হলে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল পাবলিশার্স কংগ্রেসের দ্বিতীয় দিনে মরণোত্তর বিশেষ পুরস্কার পান জাগৃতি প্রকাশনীর ফায়সাল আরেফিন দীপন। দীপনের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান জলি।
ফায়সাল আরেফিন দীপন ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ প্রতিষ্ঠানে ধর্মীয় উগ্রপন্থিদের চাপাতির আঘাতে খুন হন। দীপন ছিলেন খুন হওয়া বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক। জাগৃতি প্রকাশনী থেকে অভিজিৎ রায়ের জনপ্রিয় বই 'বিশ্বাসের ভাইরাস' প্রকাশ হয়েছিল।
রাজিয়া রহমান জলি তাঁর বক্তব্যে বলেন, আমরা আমাদের সূর্যরশ্মিকে বলি দিয়েছি, তীব্র অন্ধকারের মধ্যে দিয়ে আমরা পথ চলেছি। তিনি বইপ্রকাশের মাধ্যমে স্বামীর অসমাপ্ত কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আইপিএ কংগ্রেসে ৬৫ দেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কংগ্রেসে জলি ছাড়াও বাংলা প্রকাশের প্রকৌশলী মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
কংগ্রেসের চেয়ারম্যান ও ভারতীয় প্রকাশক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ জানিয়েছেন, দীপন যে পুরস্কারটি পেলেন তা প্রকাশনা শিল্পের সর্বোচ্চ সম্মান।