Sylhet Today 24 PRINT

রসায়নের প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষক-পরীক্ষার্থীসহ আটক ১৩

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

নাটোরের লালপুরে চলমান এসএসসি পরীক্ষার রসায়ন বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক-পরীক্ষার্থীসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর-১ হাইস্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকের এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন লালপুর উপজেলার চাঁদপুর-১ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দল বৃহস্পতিবার সকাল থেকেই ওই কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের চারপাশে ওই পরীক্ষার্থীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন তারা। এ সময় ওই ১০ পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এসময় তাদের কাছে থাকা মোবাইল ফোনে ইমো, ফেসবুক ও ম্যাসেঞ্জারে রসায়ন বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে মোবাইল ফোনে পাওয়া প্রশ্নপত্রের মিল খুঁজে পান। এ ঘটনায় ওই ১০ পরীক্ষার্থী এবং একজন সহকারী শিক্ষিকাসহ আরো তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রশ্নপত্র ফাঁসের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.