Sylhet Today 24 PRINT

১৩৯ বন্দির বিচার ৩১ অগাস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

দেশের ৬৮টি কারাগারে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে ৭ বছরের বেশি সময় ধরে আটক ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৯ ফেব্রুয়ারি) এই আদেশ দেন।

আদেশে ওই ১৩৯ জনের বিচার ৩১ আগস্টের মধ্যে শেষ করে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়াও তাদের বিষয়ে বিচারকালীন মামলার সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। আদেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এক্ষেত্রে সহায়তা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন কারাগারে বিনা বিচারে আটক ১৩৯ জনের বিষয়ে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সোমবার এ আদেশ দেন। আদালতের আদেশের পর লিগ্যাল এইডের আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.