Sylhet Today 24 PRINT

প্রশ্ন ফাঁস নতুন কিছু নয়: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

ফাইল ছবি

প্রশ্ন ফাঁসের ব্যর্থতার জন্য কোন ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, 'প্রশ্নফাঁস নতুন কিছু নয়, কখনো প্রচার হয়, কখনো প্রচার হয় না।'

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় গণভবনে সম্প্রতি বিদেশ সফরকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এ কথা বলেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের কথা সংবাদ সম্মেলনে উঠতেই প্রধানমন্ত্রী বলেন, 'কোন দিকে দোষ না পেয়ে এইটা নিয়ে খোঁচাখোঁচি।'

তিনি বলেন, 'এই প্রশ্নের উত্তর আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, টিক মেরে উত্তর লেখা। সেটাও তো বই থেকে খুঁজতে হবে। এত অল্প সময়ে বই থেকে সেই উত্তর দেখে মুখস্থ করে নেবে? এটা কেউ পারবে? এ সময় একজন পরীক্ষার্থী তো কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেয়, সে রাস্তায় থাকে। তাছাড়া প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর জন্য আধা ঘণ্টা আগে কেন্দ্রে পরীক্ষার্থীকে যেতে বলা হলো।’

নৈর্ব্যক্তিক প্রশ্নের বিষয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'তাইলে বলেন যে টিক মার্কটা (নৈর্ব্যক্তিক) বন্ধ করে দেব, আপনারা লেখেন আমরা বন্ধ করে দেব। কারণ, ওটাতে সুবিধা বেশি। আমরাও তো একসময় খাতা ভরে লিখেছি। তাহলে, এখন টিক কেন থাকবে। আমরা তো চাই, সবাই সুশিক্ষিত হোক। বিনামূল্যে বই দিচ্ছি এজন্য। আমরা তো চাই না প্রশ্নফাঁস হোক।'

শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রশ্ন দেয়, এটা তো জানা কথা। এখন সবার হাতে ফোন, কেউ ছবি তুলে দিতে পারে। কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা দেন, কেউ কি এটা দেখে উত্তর পড়ে লিখে দিতে পারবে? এত ট্যালেন্টেড কে আছে?

প্রশ্নপত্র ফাঁস রোধে ইন্টারনেট বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'একসময় কথা হলো প্রশ্নফাঁসের কারণে ইন্টারনেট বন্ধ করে দিতে হবে। ইন্টারনেট বন্ধ হলেই যে সব সমাধান হবে, তাতো না। তাহলে, মোবাইল ফোনসহ ডিজিটাল পদ্ধতি বন্ধ করে দিতে হবে। দেশে এখন সবকিছুই নিয়ন্ত্রণ হয় প্রযুক্তির মাধ্যমে, তাহলে সেটা বন্ধ করে দিলে দেশের কী অবস্থা হবে?

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে শেখ হাসিনা বলেন, 'মন্ত্রী কি নিজে প্রশ্ন পত্র ফাঁস করতে গেছে, না কি সচিব গেছে? তারা কি কেন্দ্রে গিয়ে প্রশ্নফাঁস করে? তাহলে তাদের পদত্যাগের কথা আসবে কেন?'

প্রশ্নপত্র ফাঁসকারীকে খুঁজে দেওয়ার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, 'সারাদেশে তো আপনারদের এজেন্ট আছে, আপনারাই একটু খুঁজে বের করে দিন, কারা এই কাজ করছে। তাদেরকে ধরে আমরা শাস্তি দিয়ে দেবো।'

তিনি আরো বলেন, 'হ্যাঁ, তবে এটা ঠিক। প্রশ্নপত্র কেন এভাবে বাইরে আসবে। সেটা আসা তো ঠিক নয়। তাই আমরা এটা দেখবো। কারা এ কাজ করছে, তাদেরকে ধরার চেষ্টা করবো। এর জন্য মন্ত্রীকে রিজাইন করতে হবে, সচিবকে রিজাইন করতে হবে—এই সুর তোলা তো টিক নয়।'

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রশ্নপত্র ফাঁস ছাড়াও খালেদা জিয়ার রায়, রোহিঙ্গা প্রসঙ্গ, ফোরজি ইন্টারনেট, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.