Sylhet Today 24 PRINT

প্রয়াত হুমায়ূন রশীদ চৌধুরী সহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৬ জন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী সহ চলতি বছর ১৬ জন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এবারের মনোনীতদের মধ্যে দশজনই মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধের সময় দিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন।

তাছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার এ সম্মাননা পাচ্ছেন—প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী), শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল হক ও আমজাদুল হক।

এবং চিকিৎসাবিদ্যায় ডা. এ কে এমডি আহসান আলী, সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায় ড. মো. আব্দুল মজিদ পাচ্ছেন এ বছরের স্বাধীনতা পুরষ্কার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ী ও তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার। স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.