Sylhet Today 24 PRINT

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি; শনিবার বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৮

ফাইল ছবি

রাজধানীতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সমাবেশের ডাক দিলেও অনুমতি পায়নি বিএনপি। তাই শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।’

রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বিএনপির কোনও কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তাহলে আজ কেন সমাবেশের অনুমতি দেননি?’ সমাবেশের অনুমতি না দেওয়াকে সরকারের গণতন্ত্রবিরোধী আচরণ বলেও আখ্যা দেন তিনি।

তিনি আরো বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্টের বিচারক ড. আখতারুজ্জামান তার শিক্ষা এবং পেশার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি যে রায় দিয়েছেন সেখানে বিচারকের নিরপেক্ষতা সম্পর্কে আমাদের পূর্বের বক্তব্যগুলো প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া আদালতে যে বক্তব্য দিয়েছেন, বিচারক সেই বক্তব্য বিকৃত করে রায়ে তা উদ্ধৃত করেছেন।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা দলীয় কার্যালয় নয়াপল্টনকে নির্ধারণ করে সমাবেশের ডাক দিয়েছিল দলটি। যে কোন একটিতে অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমোদন চাওয়া হলেও পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি পাওয়া যায় নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.