Sylhet Today 24 PRINT

খালেদার জামিনের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা

সিলেটটুডে ডেস্ক  |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখনি জামিন পাচ্ছেন না। অন্তত রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। তবে তার করা আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার আপিলের গ্রহণযোগ্যতার শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এই মামলায় কারাগারে থাকা আসামী খালেদা জিয়া জামিন পাবেন কিনা তা রোববারে জানা যেতে পারে।

আদালত বলেছে, আপিল শুনানির জন্য ১৫ দিনের মধ্যে বিচারিক আদালত থেকে মামলা নথি হাই কোর্টে পাঠাতে হবে।

এদিন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হলেও দুদকের সময়ের আবেদনে রোববার বেলা ২টায় শুনানির নতুন সময় ঠিক করে দেয় আদালত।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল এবং আসামিদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করা হয় রায়ে। ওই দিন থেকেই পুরান ঢাকার কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ্য করা হয়, সরকারি এতিম তহবিলের টাকা এতিমদের জন্য খরচ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করে খালেদা জিয়াসহ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামিরা রাষ্ট্রীয় অর্থনৈতিক অপরাধ করেছেন।
১১৬৮ পৃষ্ঠার ওই রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি হাই কোর্টে আপিল করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। এখন এই আপিল নিয়েই চলছে শুনানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.