সিলেটটুডে ডেস্ক | ২২ ফেব্রুয়ারী, ২০১৮
এক সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে লজ্জায় পড়েছিল বাংলাদেশ। সেই বিব্রতিকর সময় পেছনে পড়েছে অনেক আগেই। এবার শোনা গেল আরেকটু স্বস্তির খবর। দুর্নীতিতে আরেকটু উন্নতি হয়েছে বাংলাদেশের। শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭তম, আগের বছর যা ছিল ১৫তম।
বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচকে ২০১৭ প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
টিআইয়ের সূচকে এবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। তাদের স্কোর ১০০–তে ৯। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড। তাদের স্কোর ১০০–তে ৮৯। বাংলাদেশের স্কোর ২৮। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে গুয়াতেমালা, কেনিয়া, লেবানন ও মৌরতানিয়া। মোট ১৮০টি দেশকে এই সূচকে গণ্য করা হয়েছে।
দক্ষিণ এশিয়ায় অবস্থা বিব্রতকর অবস্থানে হেরফের হয়নি খুব একটা। এই অঞ্চলে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথমে আছে আফগানিস্তানের নাম।
প্রতিবেদন প্রকাশ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, 'কিছুটা অগ্রগতি হওয়ায় এটা আমাদের কাছে সাময়িক স্বস্তিদায়ক মনে হতে পারে। কিন্তু সার্কের ৮ সদস্য রাষ্ট্রের মধ্যে নিচ দিক থেকে দ্বিতীয় হওয়ায় আমাদের খুশি হওয়ার কিছু নেই। এর জন্য আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।'
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত ছিল ভুটান। দেশটির স্কোর ৬৭ এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ২৬তম। এর পরের অবস্থানে রয়েছে ভারত। তাদের স্কোর ৪০ এবং অবস্থান ৮১তম। দক্ষিণ এশিয়ায় এর পর রয়েছে শ্রীলঙ্কা। ৩৮ স্কোর নিয়ে ৯১তম অবস্থানে রয়েছে দেশটি। এ বাদে ৩৩ স্কোর পেয়ে ১২২তম অবস্থানে রয়েছে মালদ্বীপ এবং ৩২ স্কোর পেয়ে ১১৭ তম অবস্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে ৩১ স্কোর পেয়ে ১২২ তম অবস্থানে রয়েছে নেপাল। আর সর্বনিম্ন ১৫ স্কোর পেয়ে সূচকে নিম্নক্রমে চতুর্থ হয়েছে আফগানিস্তান।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের রুল অব ল ইনডেক্স, পলিটিকাল রিস্ক সার্ভিস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, বার্টলসমেন্ট ফাউন্ডেশন ট্রান্সফরমেনশন ইনডেক্স, ইনফরমেশন হ্যান্ডেলিং সার্ভিসেস গ্লোবাল ইনসাইড কান্ট্রি রিস্ক রেটিং, বিশ্বব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিউশনাল অ্যাসেসমেন্ট এবং ভেরাইটিজ অব ডেমোক্রেসি প্রজেক্ট—এদের তথ্যের ওপর ভিত্তি করে এই দুর্নীতির ধারণা সূচক তৈরি করা হয়েছে।