Sylhet Today 24 PRINT

প্রশ্ন ফাঁস; শিক্ষা অধিদপ্তরের ২৩ জনের বদলি

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর এবং ঢাকা শিক্ষাবোর্ড ও এনসিটিবির ২৩ কর্মকর্তাকে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তাছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ড এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ৭ জন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আটজন, ঢাকা বোর্ডের ছয় জন, এনসিটিবির নয়জন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একজন এবং ঢাকার বাইরের কয়েকটি শিক্ষা বোর্ডের ছয় কর্মকর্তাকে বদলির আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং) মো. সেলিম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ফজলে এলাহী, উপ-পরিচালক (কলেজ-২) মো. মেসবাহ উদ্দিন সরকার, উপ-পরিচালক এস এম কামাল উদ্দিন, মাউশির উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি, সহকারী পরিচালক (কলেজ-৪) জাকির হোসেন, উপপরিচালক (প্রশিক্ষণ) খ ম রাশেদুল হাসান এবং সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন, বিদ্যালয় পরিদর্শক এ টি এম মঈনুল হোসেন, উপসচিব মোহাম্মদ নাজমুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদা বেগম, কলেজ উপ-পরিদর্শক মন্মথ রঞ্জন বাড়ৈ (শিক্ষামন্ত্রীর সাবেক এপিএস), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়।

এনসিটিবির সম্পাদক দিলরুবা আহমেদ, বিশেষজ্ঞ ফাতেমা নাসিমা আক্তার, বিশেষজ্ঞ মনিরা বেগম, বিশেষজ্ঞ শাহীনারা বেগম, এনসিটিবির গবেষণা কর্মকর্তা মারুফা বেগম, মো. হাবিবুল্লাহ ও মোহাম্মদ শাহ আলম, উৎপাদন নিয়ন্ত্রক মো. আব্দুল মজিদ, এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মো. কাওসার হোসেন।

তাছাড়া, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একজন এবং ঢাকার বাইরের কয়েকটি শিক্ষা বোর্ডের ছয় কর্মকর্তাও আছেন এই বদলির তালিকায়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষা প্রশাসনের কিছু কর্মকর্তা প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে ঢাকায় পোস্টিং টিকিয়ে রেখেছিলেন। তাদের কারও কারও বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়ানোরও অভিযোগ এসেছে বিভিন্ন সময়ে।

উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষার বেশিরভাগ বিষয়ের প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের উচ্চমান সহকারীর ঘুষের টাকাসহ ধরা পড়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনা ঝড়ে উঠে। প্রশ্ন ফাঁসে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগের মধ্যে সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদনে এই কর্মকর্তাদের কয়েকজনের নামও এসেছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.