Sylhet Today 24 PRINT

মার্চে ফের চালু হচ্ছে ১০ টাকায় চাল

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

আগামী মার্চ-এপ্রিলে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। এ কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে চাল দেয়া হবে।

বৃহস্পতিবার (২২  ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চলতি আমন মৌসুমে ৬ লাখ মেট্রিক টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ইতোমধ্যে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে সরকারের খাদ্যশস্য মজুদ আছে ১৪ লাখ ২০ হাজার মে.টন। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার মে.টন চাল এবং বাকীটা গম।’

মন্ত্রী বলেন, “২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় হতদরিদ্রদের জন্য একটি কর্মসূচির উদ্বোধন করেছিলেন। কর্মসূচির নাম ‘খাদ্য বান্ধব কর্মসূচি’। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে (প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হয়।

তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস চাল বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় একটি স্লোগান ঠিক করা আছ ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।”

তিনি বলেন, ‘এই কর্মসূচীর জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল দরকার হবে।’

খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ বলেন, সবার সহযোগিতায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করা হয়েছে। ইতোমধ্যে ৫ লাখ ৪০ হাজার মে.টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে। খাদ্য বান্ধব কর্মসূচিও যথাযথভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তর ও মাঠ পর্যাযের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.