Sylhet Today 24 PRINT

৩৮তম বিসিএস প্রিলির ফল আগামী সপ্তাহে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফলাফল প্রকাশের সব কার্যক্রম প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তা প্রকাশ করা হবে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের চিন্তা-ভাবনা ছিলো। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়ার কারণে এখন তা এক সপ্তাহ পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত ২৯ ডিসেম্বর দেশের প্রায় ৪শ’ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি, পররাষ্ট্রের ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রায় ১৫ হাজার পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে ফলাফল প্রকাশ করা হবে।

৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলীতে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। লিখিত পরীক্ষা বাংলা ও ইংরেজিতে প্রশ্ন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.