Sylhet Today 24 PRINT

অপরাধীদের শুধু শাস্তি নয়, সংশোধন করতে চায় সরকার: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

অপরাধী যাতে কারাবাসের দিনগুলিতে সংশোধিত হয়ে নতুন মানুষ হিসেবে সমাজের সাথে একাত্মতা নিয়ে থাকতে পারেন সেই লক্ষ্য নিয়ে ‘প্রিজন অ্যাক্ট’ সংশোধন করা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার অপরাধীদের শুধু শাস্তি নয়, সংশোধন করতে চায়। সেজন্য সংশোধিত আইনের নামও হবে ‘প্রিজন অ্যান্ড কারেকশনাল সেন্টার অ্যাক্ট’।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আমাদের প্রিজন এক্ট ১২৪ বছর পুরনো উল্লেখ করে মন্ত্রী বলেন,  “আমাদের প্রিজন অ্যাক্ট হচ্ছে ১৮৯৪ সালের। এটা ১২৪ বছর আগের। তো ১২৪ বছর আগের প্রিজন অ্যাক্ট, তখন আমাদের যারা কলোনিয়াল রুলার ছিলেন তারা আমাদের জেলে নিয়ে শাস্তি দিতে চাইতেন। আজকের প্রেক্ষিত হচ্ছে- আমরা চাই, যারা অপরাধ করেন তারা একটা-ই অপরাধ করবেন।”

২০১৮ সালেই আইন সংশোধনের আশা প্রকাশ করে আনিসুল হক বলেন, “অপরাধী যখন ওই অপরাধ করে জেলখানার ভেতরে যান সেই অপরাধের জন্য শাস্তি ভোগ করে ফিরে এসে সমাজের সাথে একাত্মতা নিয়ে থাকতে পারেন, তার জন্য সেই ব্যবস্থা করা। এর জন্য আজকে প্রিজনের নাম বদলে ‘কারেকশনাল অব সেন্টার’ রাখা হয়েছে। সেই কারণে সেখানে আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে প্রিজন অ্যাক্ট-১৮৯৪ বদলে ‘প্রিজন অ্যান্ড কারেকশনাল সেন্টার অ্যাক্ট-২০১৮’ করতে পারব।”

২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর এখন পর্যন্ত ৮৮০ জন নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখারুজ্জামান, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.