Sylhet Today 24 PRINT

শান্তিরক্ষা মিশনে লেবানন গেলেন নৌবাহিনীর ১৪০ সদস্য

নিউজ ডেস্ক |  ১৪ জুন, ২০১৫

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন নৌবাহিনীর ১৪০ সদস্য।

রোববার (১৪ জুন) জাতিসংঘের বিশেষ বিমানে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ২০ জুন আরও ১৪০ সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ২৮০ জন সদস্য লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল) এ যোগ দেবেন। 

তারা লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ আলী হায়দার ও নির্মূলে কাজ করবেন। 

চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাফুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। 

এসময় তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনী ও দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে নৌ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এসময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

সূত্রমতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি ২০১০ সালে প্রথমবারের মত ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। পরবর্তীতে ২০১৪ সালে জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে যোগ দেয়। 

মেরিটাইম টাস্কফোর্সের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ দুটি লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি লেবানীজ জলসীমায় উক্ত জাহাজ দুটি মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফট এর ওপর গোয়েন্দা নজরদারী, দূর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার কাজ করছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.