Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৮

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক আহমেদ জামাল।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (০১ মার্চ) এই কর্মকর্তাকে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ বছর পর্যন্ত অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের জন্য গত বছর ডিসেম্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে একটি বাছাই (সার্চ) কমিটি গঠন করে সরকার।

কমিটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে আহমেদ জামালকে নিয়োগ দিল সরকার।

কুষ্টিয়ার সন্তান আহমেদ জামাল লেখাপড়া করেছেন হিসাব বিজ্ঞানে। তিনি সদ্য বিদায়ী ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর  (এস কে সুর চৌধুরী) স্থলাভিষিক্ত হলেন।

গত ৩১ জানুয়ারি এস কে সুরের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তিনি এখন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নরের চারটি পদ থাকলেও কর্মরত আছেন দুইজন। একজন হলেন আবু হেনা মোহা. রাজী হাসান। অন্যজন এস এম মনিরুজ্জামান।

১৯৮৪ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন আহমেদ জামাল।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং খুলনা, রংপুর ও বগুড়া অফিসে দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.