Sylhet Today 24 PRINT

হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলায় জড়িতদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ মার্চ) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই হামলার সময় প্রধানমন্ত্রী ছিলেন খুলনা সফরে। সেখানে ১০০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি স্থাপন শেষে জনসভা করে ফেরার সময় এই ঘটনাটি হয়। তাৎক্ষণিকভাবে খবর পৌঁছে যায় তার কাছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী এই হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

জাফর ইকবাল এখন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ খবর রাখছেন বলেও জানান ইহসানুল করিম।

শনিবার এই হামলার পর পরই এক যুবক আটক হয়েছে। তবে তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.