Sylhet Today 24 PRINT

আমরা খুবই উদ্বিগ্ন, ক্ষুব্ধ: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ০৩ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হামলার শিকার হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেটে থাকা শিক্ষামন্ত্রী জাফর ইকবালকে দেখতে হাসপাতালে গিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন, খুবই ক্ষুব্ধ। যে বা যারা এই হামলার পেছনে রয়েছে তাদের খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

পুলিশি নিরাপত্তা থাকা অবস্থায় শনিবার বিকেলে জনপ্রিয় এই লেখকের উপর হামলা হয়। নিজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠান শেষে অডিটোরিয়াম থেকে বেরিয়ে আইসিটি ভবনে যাওয়ার পথে পেছন থেকে দাঁড়িওয়ালা এক যুবক ছুরি দিয়ে তাঁর মাথায় আঘাত করে।

তাৎক্ষণিকভাবে হামলাকারীকে ধরে ফেলে ওখানে থাকা শিক্ষার্থী ও পুলিশ। উপস্থিত শিক্ষার্থীদের গণপিটুনির শিকারও হয় ওই ছাত্র।

আহত জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে এয়ার এম্বুলেন্স দিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন জাফর ইকবালের মাথার তিন জায়গা ও বাম হাতে আঘাত করা হয়েছে। তাকে ২৭টি সেলাই দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.