নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০১৮
সিলেটে ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
রাত সাড়ে ৯টা ৫০ মিনিটে জাফর ইকবালকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় রওয়ানা হয়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা সেনানিবাস এলাকায় অবতরণ করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আচমকা জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর নামের ২৪-২৫ বছরের এক মাদ্রাসা ছাত্র। তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। জাফর ইকবালকে উদ্ধার করে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে ২৭টি সেলাই দিতে হয়, দেওয়া হয় চার ব্যাগ রক্ত। সিওমেকের চিকিৎসকরা জাফর ইকবালকে শঙ্কামুক্ত বললেও মাথায় আঘাতের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হলো।