Sylhet Today 24 PRINT

‘জাফর ইকবাল সজ্ঞান ও আশঙ্কামুক্ত আছেন’

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৮

হামলার শিকার লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা। রোববার (০৪ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে সিএমএইচে এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, শনিবার রাতে হাসপাতালে আনার পর জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনি সজ্ঞান ও আশঙ্কামুক্ত রয়েছেন।

ডা. মুজিবুর রহমান জানান, জাফর ইকবালের মাথায় চারটি এবং পিঠ ও বাঁ হাতে একটি করে আঘাতের ক্ষত রয়েছে।

“তিনি মানসিকভাবে  দৃঢ় আছেন এবং পরিস্থিতি বুঝতে পারছেন। আজ সকালে তরল খাবার দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে তার কয়েক দিন লাগবে।”

সিএমএইচ এর কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সী মোহা. মুজিবুর রহমান বলেন, “বর্তমানে তিনি সম্পূর্ণ সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত আছেন। তার দ্রুত আরোগ্য এবং সংক্রমণ রোধের জন্য হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই।”

চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না জানতে চাইলে সিএমএইচ এর কনসালটেন্ট সার্জন জেনারেল বলে, “আপাতত তেমন সুপারিশ আমরা করছি না।

তদন্তের প্রয়োজনে আইনশঙ্খলা বাহিনী এখন জাফর ইকবালের সঙ্গে সাক্ষাত করতে পারবে কি না জানতে চাইলে ডা. মুজিবুর রহমান বলেন, এখন দেখা না করাই ভালো।

জাফর ইকবালের স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, চিফ সার্জন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, নিউরো সার্জন কর্নেল মু. আমিনুল ইসলাম ও লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। ঢাকায় পৌঁছেই ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচে ভর্তি করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.