Sylhet Today 24 PRINT

তুমব্রু সীমান্তে ফের অবস্থান নিয়েছে মিয়ানমার সেনারা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৮

বান্দরবানের তুমব্রু সীমান্তে ফের অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রোববার (০৪ মার্চ) সকালে সাতটি ট্রাকে করে শতাধিক সেনা সদস্য তুমব্রু সীমান্তের জিরো লাইনের কাঁটাতারের কাছে অবস্থান নিয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাঁটাতারের কাছ থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নেয় মিয়ানমার। কিন্তু রোববার আবার সেখানে সেনা সদস্যদের টহল লক্ষ্য করা গেছে। এতে জিরো লাইনে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিল মোহাম্মদ জানান, সীমান্তের জিরো লাইনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর পর মিয়ানমার তাদের সেনাদের সরিয়ে নেয়। শুক্রবারের পর থেকে সীমান্তের কাঁটাতারের কাছে সে দেশে সেনা সদস্যদের দেখা যায়নি। কিন্তু রোববার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাকে করে এসে শতাধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.