সিলেটটুডে ডেস্ক | ০৪ মার্চ, ২০১৮
জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হামলাকারী কারা এটা হামলার ধরন থেকেই স্পষ্ট হয়ে গেছে। তাহলে তারা এই অন্ধত্বে ভুগছে কেন? যদিও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাংলাদেশে কোনো রকম সন্ত্রাস-জঙ্গিবাদ আমরা চলতে দেব না।
তিনি বলেন, যারা এই ঘটনাগুলো ঘটায় তারাতো ধর্মান্ধ। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল একটা অনুষ্ঠানে বসে ছিলেন, সেখানে তাকে ছুরি মারা হয়েছে।
রোরবার (৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তিনি সঙ্গে সঙ্গে এয়ার ফোর্সের হেলিকপ্টার পাঠিয়ে তাকে (অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল) ঢাকা সিএমএইচ এ নিয়ে আসেন উন্নত চিকিৎসার জন্য। জাফর ইকবালের অবস্থা এখন অনেকটাই স্টেবল, ভালো।
সরকার প্রধান বলেন, যারা এই ঘটনাগুলি ঘটায় তারা মনে করে একটা মানুষ খুন করলেই বুঝি তারা বেহেশতে চলে যাবে। তারা কোনো দিন বেহেশতে যাবে না, তারা দোজখের আগুনে পুড়বে এতে কোনো সন্দেহ নেই। কারণ নিরীহ মানুষকে হত্যা করলে কেউ বেহেশতে যেতে পারে না।
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি বিভিন্ন সভা সমাবেশে আপনাদের প্রতি আহ্বান জানিয়েছি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক সম্পর্কে সচেতন করার জন্য। আশা করি, প্রতিটি বাবা-মা তাদের সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে সে বিষয়ে খেয়াল রাখবেন। এই ধর্মান্ধরা কারো ভালো করতে পারে না। এরা শুধু জানে ধ্বংস করতে। সুতরাং এদের থেকে সাবধান হতে হবে।
রাজধানীর ওসমাসী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব অনোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রুহুল হক এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।