Sylhet Today 24 PRINT

২৮ অথবা ৩০ এপ্রিল এসএসসির ফল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৮

এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শিক্ষাবোর্ড।

প্রাথমিকভাবে ২৮ অথবা ৩০ এপ্রিল সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা যায়।

রোববার (৪ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভায় ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পেলে তারিখ চূড়ান্ত করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী জানান, পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে এ সময় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবনাটা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে। সেখান থেকে ফলাফলের দিনটি নির্ধারণ করা হবে। এছাড়া এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়।

এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২জন ছাত্র এবং ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ। এবার ১০টি বোর্ডের তিন হাজার ৪১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.