সিলেটটুডে ডেস্ক | ১৫ জুন, ২০১৫
সার্কভুক্ত দলগুলোর মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ চুক্তি সম্পাদন হচ্ছে আজ। প্রাথমিক পর্যায়ে এর আওতাভুক্ত থাকবে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটান। তবে সার্কভুক্ত অন্যান্য দেশগুলো চাইলে এর আওতায় আসতে পারবে।
ভুটানের রাজধানী থিম্পুতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগের এই চুক্তি সই হবে সোমবার।
রোববার এ সংক্রান্ত চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পাশাপাশি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ ভারত, ভুটান এবং নেপালের যোগাযোগ সচিবদের আনুষ্ঠানিক বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, এম এ এন ছিদ্দিক তার সূচনা বক্তব্যে আঞ্চলিক সড়ক যোগাযোগের জন্য বাংলাদেশের আন্তরিকতার কথা তুলে ধরেন।
দীর্ঘদিন ধরে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পারস্পারিক বিশ্বাসহীনতার কারণে তা এতোদিন হয়ে ওঠেনি। চারটি দেশের মধ্যে যে চুক্তি হবে তাতে পরবর্তীকালে অন্য দেশের আসার সুযোগ যেমন রয়েছে তেমনি যে কোনো দেশ চাইলে ৬ মাসের নোটিশে চুক্তি থেকে বের হয়ে যেতে পারবে।