Sylhet Today 24 PRINT

জামায়াতের এ দেশে থাকার অধিকার নেই : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জামায়াত বাংলাদেশের শত্রু, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। সোমবার (৫ মার্চ) দুপুর সচিবলায়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস ইকোনোমি সার্ভিসেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জামায়াত ইসলামীর লোকেরা জড়িত দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খোঁজ নিয়ে দেখুন, এটা জামায়াত করেছে।

ওই ঘটনার পর বিএনপি প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করে মুহিত বলেন, “বিএনপি কথায় মনে হয় তারা জামায়াতকে সঙ্গে নিয়ে এটি করেছে। জামায়াত দেশের শত্রু, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।”

জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা করা হচ্ছে। তবে আমার মনে হয়, এটা করা মুশকিল আছে।’

পুলিশের উপস্থিতিতে ড. জাফর ইকবালের ওপর এমন হামলার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ওয়েল, সেটা পুলিশ ঠেকাতে পারে নাই, কি করা যাবে? তার চেহারা দেখে তো আর বোঝা যায় না, সে তো ছুরি মেরেছে। ছুরি এমন একটা জিনিস, সেটা লুকানো অনেক সহজ। রাম দা টাম দা হলে হয়তো পুলিশ ধরতে পারতো।’

তিনি বলেন, ‘ইটস ভেরি স্যাড, আমি যখন শুনলাম তার (জাফর ইকবাল) ওপর আক্রমণ হলো তখন আমার ইমিডিয়েটলি রিঅ্যাকশন হলো- এবার বোধ হয় তাকে আমরা হারাতে যাচ্ছি। নট দ্যাট বাট। এরপরে ইট উইল বি ভেরি ডিফিক্যাল্ট। তার ছেলে-মেয়ে আছে। ফলে এটা অনেক অসুবিধা হয়ে যেত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.