Sylhet Today 24 PRINT

পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংক থেকে টাকা নিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের বিরোধিতা সত্ত্বেও পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংকের কাছে থেকে অর্থ নিয়েছিল জোট সরকার।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করছে সরকার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়। ১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতায় এসে বন্ধ পাটকলগুলো খুলে দিতে শুরু করলাম। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আদমজী জুট মিল বন্ধ করে দিল। যেখানে ২৫ হাজার শ্রমিক কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই সব বন্ধ কলকারখানা খুলে দিয়ে তা জাতীয়করণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে যখনই জাতির পিতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়।

অন্যান্য শিল্পের মতো পাট শিল্পও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার পরিহিত শাড়ি, ব্যবহৃত জুতা ও সঙ্গে থাকা ব্যাগটি পাটের বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.